বানিয়াচংয়ে দারুল কোরআন মাদ্রাসার ১৪৭ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার ও নগদ অর্থ প্রদান
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি দিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বানিয়াচংয়ের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর এ মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বোর্ড ও স্থানীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করছে।
তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বহুমাত্রিক জ্ঞান অর্জন করতে হবে। জীবনের নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্যের পথে এগিয়ে যেতে ধৈর্য, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবার কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে মাদ্রাসার মোট ১৪৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বোর্ডে চারজন স্ট্যান্ড এবং নুরানী বোর্ডে ষষ্ঠ ও দশম স্থান অর্জন করে দুইজন শিক্ষার্থী স্ট্যান্ড করেছে। এছাড়া ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া বেফাক বোর্ড, হবিগঞ্জ বোর্ড ও নূরানী বোর্ডে ৪১ জন শিক্ষার্থী মমতাজ অর্জন করেছে। আরবি ও বাংলা হাতের লেখা প্রশিক্ষণেও ১১ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী মমতাজ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আরও একটি অনুপ্রেরণাদায়ী ঘোষণা দেওয়া হয়। হাইয়্যাতে দাওরায়ে হাদিস পরীক্ষায় যারা বোর্ডে স্ট্যান্ড করবে, তাদের মাদ্রাসার পক্ষ থেকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা শায়েখ মখলিছুর রহমান, নায়েবে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, শায়খুল হাদিস হাবিবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, ক্বারী কমর উদ্দিন, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মুফতি নাছির উদ্দিন, মাওলানা সাজ্জাদ হাসান, মাওলানা বশির আহমদ, মাওলানা সুফি আহমদ, মাওলানা নাসির উদ্দিন সৌরভ, ডা. মনির লস্কর, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুনতাসির আলম সোহান, মাওলানা সাইফুর রহমান ও সুয়েম আহমদসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।
পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পুরস্কার ও নগদ অর্থ পাওয়ার পাশাপাশি তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, দারুল কোরআন মাদ্রাসার এসব মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।