logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১১:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানব কল্যাণ সংস্থার শুভযাত্রা

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ আগস্ট ২০২৬ ১১:১৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ আগস্ট ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানব কল্যাণ সংস্থার শুভযাত্রা

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন ‘কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা’র নবগঠিত কমিটির অভিষেক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


‘আর্তমানবতার তরে—ঐক্যবদ্ধ হাতে হাত ধরে’ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সংগঠনটি। রোববার (২৩ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদ্রাসায় নবগঠিত কমিটির অভিষেক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কার্যক্রমের শুভ সূচনা করা হয়। একই সঙ্গে মাদ্রাসার সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই পারে একটি আলোকিত ও মানবিক সমাজ গড়ে তুলতে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু সহযোগিতা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা শিশুদের সহযোগিতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখা সম্ভব।


বক্তারা আরও বলেন, ‘কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা’ মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। নবগঠিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোম্পানীগঞ্জের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।


অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি এখলাছ আহমেদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি হাজী জালাল উদ্দীন, অর্থ সম্পাদক মুর্শেদ আলম, আইন বিষয়ক সম্পাদক লিটন মাহমুদ, সহ-আইন বিষয়ক সম্পাদক নোমান আহমেদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


অনুষ্ঠানের শেষাংশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জের মানুষের কল্যাণে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।


‘মানবসেবায় অঙ্গীকার, শিক্ষায় আলোর পথে’—এই প্রত্যয়কে সামনে রেখে কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17173
Page of