সিলেটে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি: নেত্রকোনা থেকে মজনু গ্রেপ্তার, উদ্ধার ২ মোবাইল
নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ:
সিলেটের জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু মিয়া ওরফে জহির আলম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনা থেকে তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) নেত্রকোনার মোহনগঞ্জ থানার গাগলাজুর গ্রামে অভিযান চালিয়ে মজনু মিয়া ওরফে জহির আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে মজনু মিয়া ওরফে জহির আলমকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার মজনুর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার মজনু মিয়া ওরফে জহির আলমকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে রিমান্ড আবেদনের শুনানি এখনো হয়নি।
ওসি বলেন, ‘রিমান্ডে নেওয়া সম্ভব হলে ডাকাতির ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।