logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৫ আগস্ট ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সোনাই নদী কাস্টমস পোর্ট চালুর প্রক্রিয়া, টাকা আদায়ের বিষয়ে সতর্ক করলেন সমিতির নেতারা

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন
সোনাই নদী কাস্টমস পোর্ট চালুর প্রক্রিয়া, টাকা আদায়ের বিষয়ে সতর্ক করলেন সমিতির নেতারা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে বহুল প্রতীক্ষিত সোনাই নদী কাস্টমস পোর্ট দ্রুত চালুর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সোনাই নদী চুনাপাথর আমদানিকারক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। দীর্ঘদিনের শ্রম, প্রচেষ্টা ও অপেক্ষার পর বহুল প্রতীক্ষিত এলসি পোর্টটি চালুর পথে এগোচ্ছে বলে দাবি করেছেন তারা।


তবে পোর্ট চালুর প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি অসাধুচক্র সমিতির নাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সমিতির নেতারা। এ ঘটনায় ব্যবসায়ী, আমদানিকারক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


সমিতির নেতৃবৃন্দ জানান, পোর্টের কার্যক্রম কিংবা সমিতির নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে যাচাই ছাড়া কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সমিতির দায়িত্বশীল ব্যক্তি অথবা সংশ্লিষ্ট সদস্যদের বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।


সোনাই নদী চুনাপাথর আমদানিকারক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “দ্রুতই পোর্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কিন্তু একটি প্রতারক চক্র সমিতির নাম ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করছে। কেউ তাদের কথায় বিভ্রান্ত হবেন না। এ ধরনের টাকা আদায়ের ঘটনা নজরে এলে প্রশাসন ও সমিতিকে জানানোর অনুরোধ করছি।”


তিনি আরও বলেন, পোর্ট চালুর প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অবৈধ লেনদেন বা প্রতারণার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, সোনাই নদী কাস্টমস পোর্টের কার্যক্রম শুরু হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পোর্টটি চালুর প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


এদিকে, পোর্ট চালুর খবরকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা চক্র সমিতির নাম, নেতৃবৃন্দের পরিচয় কিংবা পোর্ট-সংশ্লিষ্ট কোনো পদ-পদবি ব্যবহার করে টাকা দাবি করলে তা যাচাই করার পরামর্শ দিয়েছেন সমিতির নেতারা। প্রয়োজনে বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।


সোনাই নদী চুনাপাথর আমদানিকারক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ী, আমদানিকারক ও এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি যাচাই ছাড়া কাউকে কোনো ধরনের টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17190
Page of