logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ আগস্ট ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত তারেকের জানাজায় হাজারো মানুষ, চতুলে শোকের ছায়া

চ্যানেল জৈন্তা নিউজ ২১ আগস্ট ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ আগস্ট ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত তারেকের জানাজায় হাজারো মানুষ, চতুলে শোকের ছায়া

কানাইঘাট প্রতিনিধি:


সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের তারেক আহমদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাদ আসর চতুল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।


নিহত তারেক আহমদ বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. ফয়েজ আহমদ। পরিবারের সদস্যরা জানান, তারেক আহমদ ও তাঁর বড় ভাই মাহবুব আহমদ সৌদি আরবে একই সঙ্গে বসবাস করতেন।


জানা যায়, গত ২ জুলাই ২০২৬ সৌদি আরবের জেদ্দায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তারেক আহমদ। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।


দীর্ঘ সময় পর মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারেক আহমদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে মরদেহ গ্রহণ করেন বড়চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার নায়েবে আমির আনোয়ার হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


পরে মরদেহ গ্রামের বাড়ি মুক্তাপুরে নিয়ে যাওয়া হলে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাদ আসর চতুল ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।


জানাজায় উপস্থিত মুসল্লিরা মরহুম তারেক আহমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


মৃত্যুকালে তারেক আহমদ পরিবার-পরিজন, স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে মুক্তাপুরসহ পুরো বড়চতুল ইউনিয়নে শোকের আবহ বিরাজ করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17105
Page of