বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে ৪৫ শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার
বিশ্বনাথ প্রতিনিধি।
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইসবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সৌদি আরব প্রবাসী আব্দুল করিম বাবুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থীর মাঝে এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।
স্থানীয় ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক আলহাজ্জ হাফিজ আব্দুস শহিদ (বড় হুজুর)-এর দোয়া ও সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী মঙ্গল কন্টিবিউটেড পিএমসি একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম মিয়া।
ইসবপুর গ্রামের তরুণ সংগঠক রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসবপুর হাজী সফির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার আলী।
এ সময় বক্তব্য রাখেন সংগঠক মো. ওয়ারিছ আলী ও আফতাবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে ফারিয়া আক্তার সামিয়া, ফাহিম আহমদ কাওছার ও নাঈমা জান্নাত।
বক্তারা প্রবাসী আব্দুল করিম বাবুলের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।