logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৯ আগস্ট ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরের খাগাউড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ০১:৩৮ অপরাহ্ন
জগন্নাথপুরের খাগাউড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ, ভাঙন ও কাদার সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। চলতি বর্ষা মৌসুমে সড়কটির পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।


স্থানীয়রা জানান, খাগাউড়া গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বর্ষায় এসব স্থানে পানি ও কাদা জমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে।


সড়কটির নাজুক অবস্থার কারণে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ সেবামূলক যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে রোগী পরিবহনেও মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা।


খাগাউড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাহমুদ মিয়া ও সমাজসেবক এনামুল হক এনাম বলেন, ‘আমাদের গ্রামের রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। প্রতিদিন শত শত মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার না হওয়ায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে খুবই কষ্ট হচ্ছে।’


তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তারা স্থানীয় সংসদ সদস্য এম কয়ছর আহমেদ, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।


উল্লেখ্য, খাগাউড়া গ্রামটি চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। স্থানীয় সড়কটির বেহাল অবস্থায় এলাকাবাসীর দুর্ভোগ নিয়ে এর আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।


এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সোহরাব হোসেন বলেন, ‘রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16847
Page of