logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০৯ আগস্ট ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সালমান শাহ হত্যা মামলা: এজাহারভুক্ত আসামি ডন কারাগারে

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন
সালমান শাহ হত্যা মামলা: এজাহারভুক্ত আসামি ডন কারাগারে

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে ডনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


সিআইডির আবেদনে বলা হয়, আশরাফুল হক ডনকে জামিন দেওয়া হলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তার ফের পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে কারাগারে রেখে জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম চালানোর প্রয়োজন রয়েছে বলে আদালতকে জানানো হয়।


এর আগে রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালতের হাজতখানায় রাখার পর বিকেলে তাকে এজলাসে তোলা হয়।


সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, গত বছরের ২১ অক্টোবর মামলা হওয়ার পর থেকেই ডন আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার চেষ্টা করেন তিনি। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।


আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন পলাতক থাকার পর আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জামিনে মুক্তি দেওয়া হলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।


মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহ নামে পরিচিত, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।


বর্তমানে বহুল আলোচিত এ মামলার তদন্ত করছে সিআইডি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ইতোমধ্যে আটবার পিছিয়েছে। সবশেষ আগামী ৩০ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16857
Page of