জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে জাবেদ কোরেশীর অভিনন্দন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাবেদ কোরেশী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে জগন্নাথপুর উপজেলা পর্যায়ের ৯ সদস্যের দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রকাশ করা হয়। কমিটির মেয়াদ গত ২৩ জুলাই থেকে কার্যকর হয়েছে।
নবগঠিত কমিটিতে কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুরের সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরীকে সভাপতি এবং শিক্ষক নিজাম উদ্দিন জালালীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন শিক্ষক অঞ্জনা রানী দাশ ও সমাজকর্মী মাশাদুল হক চৌধুরী রাসেল। সদস্য হিসেবে রয়েছেন শিক্ষক আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন ও জিল্লুর রহমান।
জগন্নাথপুর উপজেলা পর্যায়ে পুনর্গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সততা সংঘ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাবেদ কোরেশী।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আমাদের সমাজে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। দুর্নীতি আমাদের জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়; একে দূর করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।’
তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে। সরকারি ও বেসরকারি কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে কমিটিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জাবেদ কোরেশী আরও বলেন, নতুন প্রজন্ম ও তরুণদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা এবং দেশপ্রেমের বীজ বপন করতে হবে। দুর্নীতি প্রতিরোধে কমিটির কার্যক্রমে সম্মিলিত ও সক্রিয় সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ভয় বা ভীতি ছাড়াই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজ থেকেই সততার চর্চা শুরু করার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানান তিনি।
অভিনন্দন বার্তার শেষে তিনি বলেন, ‘জয় হোক সততার, মুক্তি হোক দুর্নীতির কবল থেকে।’