রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ আগস্ট)। ১৯৮৪ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও জনকল্যাণে নিবেদিত কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ-বিদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কুরআন খতম, কুরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। তিনি তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, সকালে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় নৌবাহিনীর সদস্যরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করবেন।
এছাড়া রাজধানীর তাঁর বাসভবন ‘মাহবুব ভবন’-এ কুরআন খতম, কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের সহধর্মিণী বেগম মাহবুব আলী খান শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য প্রতিষ্ঠিত ‘সুরভি’-তেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তিনি জানান, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এ সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হতো না।
এ উপলক্ষে ঢাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও মসজিদে কুরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, বাউনিয়াবাদ বাজার জামে মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদ।
সিলেটেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হবে। এছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা, কলাবাগান, সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দক্ষিণ সুরমার খড়ারিয়ায় অবস্থিত জামেয়া ইসলামিয়া মুজাহিরুস সুন্নাহ মাদ্রাসাতেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
একই দিন আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হবে। বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হবে। এছাড়া বালাগঞ্জ উপজেলা বিএনপি ও ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগেও পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বগুড়া, নারায়ণগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিদেশেও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সৌদি আরবের মক্কা ও মদিনায় বিশেষ দোয়া, যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদ ও রিজেন্ট লেক হলে কুরআন খতম, দোয়া ও আলোচনা সভা, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউইয়র্ক ও ফ্লোরিডার বিভিন্ন ইসলামিক সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় কুরআন খতম, বিশেষ মোনাজাত, এতিমদের মাঝে খাদ্য বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পরিবার সূত্রে জানানো হয়েছে, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি সিলেটে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট এবং ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে হৃদরোগ বিষয়ে গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি এবং অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।