জকিগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বিষয় ছিল— ‘পারিবারিক সচেতনতাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে।’ এ বিষয়ে অংশগ্রহণকারী দুই দলের যুক্তি, তথ্য-উপাত্ত ও উপস্থাপনা উপস্থিত দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায়।
প্রতিযোগিতায় বারহাল ডিগ্রি কলেজ, জকিগঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে জকিগঞ্জ সরকারি কলেজ রানারআপ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতার পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা এবং আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন, জকিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার এবং সনদপত্র তুলে দেন অতিথিরা। বক্তারা এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, যুক্তিবোধ ও সামাজিক দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।