তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ আহত ৫
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মেঞ্জারগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, এক নারীর শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছা. জুহেনারা বেগম।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার (২৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে মেঞ্জারগাঁও গ্রামের জুহেনারা বেগমের বসতবাড়িতে টিপু আহমদের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে হামলা চালায়। এ সময় ধারালো দা, লোহার রড, কাঠের রুইল ও বাঁশের লাঠি দিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় মহিতুন নেছা, রাবিয়া বেগম, নাহিদা আক্তার, আবু সুফিয়ান ও শিউলী আক্তার আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং একজনের হাত ভেঙে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ সময় তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া শিউলী আক্তারের গলায় থাকা একই মূল্যের আরও একটি স্বর্ণের চেইনও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার পর অভিযুক্তরা মামলা বা বিচার-সালিশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বালিজুড়ী ইউনিয়নের মেঞ্জারগাঁও গ্রামের টিপু আহমদ, আব্দুল্লাহ, শিপন মিয়া, ফরিদ মিয়া ও শাহারা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমদ বলেন, "একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"