কড়া নিরাপত্তায় কানাইঘাটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন এনসিপির ‘জুলাই জাগরণ’ পথসভা
কানাইঘাট প্রতিনিধি:
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার কারণে কর্মসূচি বিলম্বিত হয়। পরে সন্ধ্যা ৭টায় কানাইঘাট উত্তর বাজারে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিকে ঘিরে পৌর শহর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সড়কপথে কানাইঘাটে আনা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম।
উপজেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ শরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাঠোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী ডা. মাহমুদা মিতু। এছাড়া সিলেট জেলা, মহানগর ও কানাইঘাট উপজেলা এনসিপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করতে’ এনসিপি সারাদেশে ‘জুলাই জাগরণ’ পদযাত্রা পরিচালনা করছে। তবে দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে তারা দাবি করেন, হবিগঞ্জ ও গোলাপগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও দাবি করেন, বিএনপি জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে এনসিপির কর্মসূচিতে হামলার পেছনে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরও মদদ রয়েছে। পাশাপাশি গণতন্ত্র, বাকস্বাধীনতা, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করে তারা হুঁশিয়ারি দেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে সারাদেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
পথসভায় কানাইঘাটে স্বতঃস্ফূর্ত জনসমাগম এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সহযোগিতা করায় স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা।