সিলেটে এনসিপির পদযাত্রা: জৈন্তাপুরসহ ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
হবিগঞ্জে বাধাপ্রাপ্ত হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ সিলেট আসবে আজ। আজ সিলেটের দ্ই উপজেলা ও আগামীকাল শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা নিয়ে সমাবেশ করবে দলটি।
এদেকে, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ঘটনার প্রেক্ষিতে এনসিপির কর্মসূচীকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের এই ৫ উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
জুলাই মাসজুড়েই এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচী ঘোষণা করে। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ীই ৩০ জুলাই এ পদযাত্রা সিলেটে আসার কথা। তবে ২৮ জুলাই হবিগঞ্জে পদযাত্রা হামলা ও ২৯ জুলাই মৌলভীবাজারে বাঁধাে ঘটনায় এই কর্মসূচী নিয়ে সিলেটে প্রশাসনের তৎপরতা বেড়েছে।
এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন, আজ বৃহস্পতিবার পদযাত্রা নিয়ে এসে এনসিপি নেতারা প্রথমে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাত করবেন। এরপর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন। আর শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ করবেন।
এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানান তিনি।
সিলেটের পাঁচ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে চিঠি দিয়েছেন। বুধবার তিনি এই চিঠি পাঠান।
এদিকে, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজিবি মোতায়েনের জন্য পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের জেলা প্রশাসক বরাবর চিঠির পাঠিয়েছেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে বিজিবি চেয়ে ঢাকায় আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ও পরদিন শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে।
তিনি জানান, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় পাঁচটি উপজেলায় বিজিবি মোতায়েনের জন্য চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফোর্স নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।
জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জে আগামী দুই দিন বিজিবি মোতায়েনের কথেবেলা হয়েছে চিঠেতে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এরআগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ছাত্রদল এ হামলা চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের।এর প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। সমাবেশে অংশ নিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আতিক মুজাহিদ এমপিসহ কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। তবে শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ।