logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ জুলাই ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসীর পরিবারের পাশে খেলাফত মজলিস, প্রত্যেককে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা

কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে খেলাফত মজলিস, প্রত্যেককে ৫০ হাজার টাকা সহায়তা

চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন
কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে খেলাফত মজলিস, প্রত্যেককে ৫০ হাজার টাকা সহায়তা

কানাইঘাট প্রতিনিধি:


কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে খেলাফত মজলিস। সংগঠনটির কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে নিহত পাঁচ পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


সোমবার (২০ জুলাই) স্থানীয় আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান নিহতদের পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।


কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আমীরুল ইহসান শামীমের সভাপতিত্বে এবং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন মাহফুজুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি আবুল হাসান কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর রুহের মাগফিরাত কামনা করে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিজেদের পরিবার ও দেশের উন্নয়নের জন্য তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করেন। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দুর্ঘটনায় প্রাণ হারানো এসব রেমিট্যান্সযোদ্ধার শোক শুধু তাদের পরিবারের নয়, পুরো জাতির।”


তিনি আরও বলেন, “সরকার প্রবাসীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। শোকাহত পরিবারগুলোর পাশে সরকার অতীতেও ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও অসহায় পরিবারগুলোর পাশে এগিয়ে আসতে হবে, যাতে তারা এই কঠিন সময় সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন।”


বিশেষ অতিথিদের বক্তব্যেও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বক্তারা বলেন, মানবিক বিপর্যয়ের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। খেলাফত মজলিসের এ উদ্যোগ অন্যদেরও মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি আলহাজ মখলিছুর রহমান, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, কাতার খেলাফত মজলিসের সভাপতি হাফিজ আব্দুল হাসিব চৌধুরী, জেলা শাখার বায়তুল মাল সম্পাদক আবুল কালাম আজাদ, ৮ নম্বর ঝিংগাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বকর, আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন, বিদ্যালয়ের সভাপতি মাস্টার আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুখতার আহমদ, ঝিংগাবাড়ি ইউনিয়নের আমীর বিশাল বিন রহমত, বানীগ্রাম ইউনিয়নের আমীর মাওলানা সুলাইমান আহমদ, যুব মজলিসের জেলা সহ-সভাপতি খাঁ রুল ইসলাম, কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিহত পাঁচ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16564
Page of