logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২২ জুলাই ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

তাহিরপুরে প্রীতি ফুটবল ম্যাচে শিশু অধিকার ও সচেতনতার বার্তা, বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ

চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুলাই ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন
তাহিরপুরে প্রীতি ফুটবল ম্যাচে শিশু অধিকার ও সচেতনতার বার্তা, বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাল্যবিবাহ, শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া, অপুষ্টি এবং ক্ষুধামুক্ত শিশু গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শিশু ফোরামের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


ম্যাচে তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বালিজুড়ি হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বালিজুড়ি হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয় ৩-১ গোলের ব্যবধানে তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে বিজয় অর্জন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাকিব মুন খোকন, তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম জুবায়ের, বালিজুড়ি হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ ও নুরুল আমিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো. মহসিন খান, জুনিয়র প্রোগ্রাম অফিসার পাবেল হোসেন, মিমসহ শিশু ফোরামের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো. মহসিন খান বলেন, খেলাধুলা শুধু শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেই নয়, সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া, অপুষ্টি এবং ক্ষুধামুক্ত শিশু গড়ে তোলার মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


প্রধান অতিথির বক্তব্যে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম, অপুষ্টি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে শুধু প্রশাসন বা কোনো একক প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16554
Page of