বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমন্বয় সভা, ঝরে পড়া রোধে কর্মপরিকল্পনার ওপর জোর
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধে সমমনা সংস্থা, সুশীল সমাজ ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সকিনা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইরা সুনামগঞ্জের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমমনা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তার পরিধি বৃদ্ধি, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধানে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো মেয়ে যেন শুধু অর্থনৈতিক সংকট বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সকিনা আক্তার বলেন, মেয়েদের শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত অভিভাবক সভা, সচেতনতামূলক ক্যাম্পেইন, উঠান বৈঠক এবং কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে জমা দেওয়ার উদ্যোগ নিতে হবে, যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।
তিনি শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবী, সমাজসেবক এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনও আরও বলেন, মালালা ফান্ডের অর্থায়নে ইরা বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্প হাওরাঞ্চলের মেয়েদের শিক্ষার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ জন্য তিনি প্রকল্প-সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।