logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ২০ জুলাই ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর প্রশাসন, বিভাগীয় কমিশনারের নির্দেশনা

চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুলাই ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুলাই ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন
সিলেটে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর প্রশাসন, বিভাগীয় কমিশনারের নির্দেশনা

সিলেট। 


সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।


সভায় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনতে হবে। তিনি অবৈধ করাতকল এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সালফারযুক্ত কয়লার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কার্যকর ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি পাথর কোয়ারি-সংক্রান্ত বিষয়ে শিগগিরই সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে বলেও জানান।


তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও সংশ্লিষ্ট সব সংস্থাকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


সভায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিভাগীয় কমিশনার বলেন, এ ধরনের অপমৃত্যু কমাতে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি মসজিদের ইমামদের জুমার খুতবায় আত্মহত্যার কুফলসহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য উপস্থাপনের আহ্বান জানান।


এছাড়া হাওর ও দুর্গম এলাকায় হত্যাকাণ্ডের প্রবণতা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখা, কৃষিজমির টপ সয়েল কাটা এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মহানগর এলাকায় গৃহকর্মীদের ছবিসহ তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসকবৃন্দসহ চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16529
Page of