logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২০ জুলাই ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করল র‍্যাব-৯

চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুলাই ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২০ জুলাই ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করল র‍্যাব-৯

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত ব্যবসায়ী হত্যা মামলার প্রধান দুই আসামিকে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বুধবার (১৫ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। 


র‍্যাব-৯ জানায়, নিহত আলী হোসেন (৩৮) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বিবিরাই এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। একই এলাকার হওয়ায় অভিযুক্তরা প্রায়ই তার দোকান থেকে বাকিতে মালামাল কিনতেন। ঘটনার সাত দিন আগে প্রধান অভিযুক্ত শাহিনুর ইসলাম তার দোকান থেকে প্রায় ৬ হাজার টাকার ডিজেল বাকিতে নেন। 


গত ১১ জুলাই রাত প্রায় ৮টার দিকে শাহিনুর ইসলাম পুনরায় দোকানে গেলে আলী হোসেন আগের বাকি টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহিনুরসহ অন্যরা সংঘবদ্ধভাবে আলী হোসেনকে মারধর করে গুরুতর আহত করে এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। 


মামলার পর র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই ভোর ৬টা ও সকাল ৯টায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক দুই আসামি আইনুল ইসলাম (২২) ও শাহিনুর ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই বিয়ানীবাজার উপজেলার বিবিরাই এলাকার বাসিন্দা। 


র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16527
Page of