৫ আগস্টের কর্মসূচি চূড়ান্ত, সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সিলেট: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন। সভায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় নগরীর রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একই দিন সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্যদের পাশাপাশি সিলেট সদর ও মহানগর এলাকার আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
এছাড়া জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জেলার সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেরিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।
দিবসটি উপলক্ষে শিশুদের জন্য নগরীর শিশু পার্ক ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার এবং শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।