logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৮ জুলাই ২০২৬ ০৩:২০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি হুমায়ুন কবীরের

তাহিরপুরে পৈতৃক জমি দখলচেষ্টা, অবৈধ বালু উত্তোলন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুলাই ২০২৬ ০৩:২০ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুলাই ২০২৬ ০৩:২০ পূর্বাহ্ন
তাহিরপুরে পৈতৃক জমি দখলচেষ্টা, অবৈধ বালু উত্তোলন ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকার বাসিন্দা মো. হুমায়ুন কবীর তার পৈতৃক ও মৌরসি সম্পত্তি দখলের চেষ্টা, অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবীর দাবি করেন, একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র তার প্রয়াত পিতার নামে রেকর্ডভুক্ত জমি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।


তিনি জানান, তাহিরপুর উপজেলার চালিয়াঘাট মৌজায় তার প্রয়াত পিতার নামে প্রায় ৫ একর ২৫ শতক জমি রেকর্ডভুক্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী, একটি চক্র ওই জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে বাধা দিলে তাকে এবং তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।


হুমায়ুন কবীর আরও অভিযোগ করেন, গত ১১ জুলাই একটি মহল তার ছোট ভাই নারজেল হোসেনের ছবি ব্যবহার করে মানববন্ধনের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। তার দাবি, নারজেল হোসেন একজন সরকারি চাকরিজীবী এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। পারিবারিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে এবং তার ভাইয়ের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করে চাকরিজীবনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।


তিনি বলেন, এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনের মাধ্যমে মো. হুমায়ুন কবীর অবৈধভাবে সম্পত্তি দখলের চেষ্টা, বালু উত্তোলন এবং অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16491
Page of