ছাতকে সাংবাদিক নাজমুল হাসান জুয়েলের অভিযোগ—সংবাদ প্রকাশের উদ্যোগের জেরে অপপ্রচার; তদন্তের আশ্বাস পুলিশের
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে এক সংবাদকর্মীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাতক থানাসহ তিনটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এবং স্থানীয় সাংবাদিকরা।
অভিযোগকারী মোহাম্মদ নাজমুল হাসান জুয়েল (৪৩) উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং জাতীয় দৈনিক যায়যায়দিন-এর ছাতক উপজেলা প্রতিনিধি। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. দুলু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ার পর থেকেই অভিযুক্ত ও তার সহযোগীরা তাকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই বিকেল প্রায় ৪টার দিকে অভিযুক্ত তার ব্যবহৃত ‘দুলু মিয়া’ নামের ফেসবুক আইডি থেকে অভিযোগকারীর বিরুদ্ধে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করেন। এর ফলে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও একই ধরনের অপপ্রচার চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হয়রানি এবং মানহানির আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই অভিযোগ ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন এবং সুনামগঞ্জের সহকারী পুলিশ কমিশনার শেখ মুরসালিন বরাবরও জমা দেওয়া হয়েছে বলে জানান অভিযোগকারী।
এদিকে ঘটনায় ছাতক উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। তাদের মতে, একজন পেশাদার সংবাদকর্মীকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা শুধু ব্যক্তিগত মানহানির বিষয় নয়, এটি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের জন্যও হুমকি। তারা বলেন, সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
সাংবাদিকরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো সংবাদকর্মী যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও মানহানিকর প্রচারণার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. দুলু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, "অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"