জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহীর দোয়া ও ভোট প্রার্থনা
স্টাফ রিপোর্টার:
জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা’র ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে সহ-সভাপতি (জালালাবাদ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সচিব মো. এহছানে এলাহী। আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাজধানীর ইস্কাটনে অবস্থিত বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে ভোটারদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেছেন।
এক বিবৃতিতে মো. এহছানে এলাহী বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল, অংশগ্রহণমূলক ও কল্যাণমুখী সংগঠনে পরিণত করতে তিনি কাজ করতে চান। প্রবাস ও রাজধানীতে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য এবং সামাজিক দায়বদ্ধতা জোরদারে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘সম্প্রীতি ও সমৃদ্ধির লক্ষ্যে পরিবর্তন’—এই প্রত্যয়কে ধারণ করে তিনি সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ দিতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি জালালাবাদবাসীর আন্তরিক দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।
মো. এহছানে এলাহী ১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে নীলফামারী জেলায় সহকারী কমিশনার ও তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (নারায়ণগঞ্জ সদর), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসক (গাইবান্ধা), যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (গ্রেড-১) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি এবং সিলেট সরকারি কলেজ (বর্তমান এমসি কলেজ) থেকে ১৯৮২ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৫ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৬ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৫-২০০৬ সালে স্কলারশিপ নিয়ে লন্ডন ইউনিভার্সিটির অধীনে এমএস (পিএইচ) ডিগ্রি লাভ করেন।
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের তনিসতী নয়াগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মো. এহছানে এলাহীর পিতা মরহুম মো. আব্দুল লতীফ ছিলেন আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং মাতা মরহুম শামসুন নাহার। তাঁর সহধর্মিণী সৈয়দা ফেরদৌসী বেগম দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের চরমুহাম্মদপুর গ্রামের সৈয়দ জহুর আলীর কন্যা। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন, শহিদুল্লাহ হল এলামনাই অ্যাসোসিয়েশন, পদার্থবিজ্ঞান বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন, অফিসার্স ক্লাব ঢাকা, এইচআরসি স্মৃতি পরিষদ, ডায়াবেটিক সমিতি চট্টগ্রাম ও গাইবান্ধা, গানাসাস গাইবান্ধা এবং কানাইঘাট সমিতি ঢাকাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের আজীবন সদস্য। এছাড়া তিনি সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি, সিলেট বিভাগীয় চাকুরীজীবী পরিষদের সহ-সভাপতি এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাবেক কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিয়াম মিলনায়তন, ইস্কাটনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী ভোটারদের রায় প্রত্যাশা করছেন।