তাহিরপুরে ‘হইফা ২০২৬’ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, স্বচ্ছতা ও অংশীজনের অংশগ্রহণে গুরুত্বারোপ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত, মাল্টিসার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জিএফএফও (GFFO)-এর অর্থায়নে টুগেদার-২.০ প্রকল্পের আওতায় ‘হইফা ২০২৬’ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, তাহিরপুর সদর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন এবং সিএনআরএস (CNRS)-এর প্রতিনিধিরা।
মাঠ সমন্বয়কারী নাজমুন নাহার মনি-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আক্তার।
সভায় টুগেদার-২.০ প্রকল্পের সমন্বয়কারী প্রসূন রায় ‘হইফা ২০২৬’ কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি, সময়সূচি, অংশীজন নির্বাচন প্রক্রিয়া, জবাবদিহিতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
উন্মুক্ত আলোচনায় বক্তারা মাঠপর্যায়ের কর্মীদের সমন্বয়ে প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কার্যক্রমের সফল বাস্তবায়নে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি টুগেদার-২.০ প্রকল্পের ‘হইফা ২০২৬’ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।