logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ১৫ জুলাই ২০২৬ ০৩:১২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নরসিংদীতে ৩ মাসের শিশুর পা মোচড়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুলাই ২০২৬ ০৩:১২ অপরাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুলাই ২০২৬ ০৩:১২ অপরাহ্ন
নরসিংদীতে ৩ মাসের শিশুর পা মোচড়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক। 


নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর পা মোচড়ে দেওয়ার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার লিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। বুধবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।


মামলার আসামিরা হলেন—শিশুটির চাচি লতা বেগম, তার স্বামী কাউসার মিয়া এবং শ্বশুর আলমাস মিয়া। এর মধ্যে কাউসার মিয়া ও আলমাস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত লতা বেগম পলাতক রয়েছেন।


জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদি এলাকার জহিরুল মিয়া ও সামিয়া আক্তার দম্পতির তিন মাস বয়সী ছেলে রিজিক জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি ছিল। এ সময় বাড়ির অধিকাংশ কাজ সামলাতে গিয়ে সামিয়ার জা লতা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়।


এরই জেরে গত ১১ জুন লতা বেগম শিশুটির পা মোচড়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি শিশুটির মা মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


তবে পুলিশের কাছে শিশুটির বাবা-মা দাবি করেন, ভাইরাল ভিডিওটি সম্পাদিত। তারা জানান, পারিবারিক বিরোধের সময় শিশুর পায়ে মোচড় দেওয়া হলেও তার পা ভাঙেনি এবং কোনো প্লাস্টার বা ব্যান্ডেজও করা হয়নি। পরে লতা বেগমের বাবা এসে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করেন। এ কারণে তারা নিজেরা কোনো মামলা করেননি।


ওসি কামাল হোসেন বলেন, "ঘটনার গুরুত্ব ও শিশুর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার বাদী হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মূল অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16467
Page of