logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৪ জুলাই ২০২৬ ১১:১৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

এনসিসি ব্যাংকের ভেতরে ‘প্রতারকের ফাঁদে’ বিকাশ এজেন্ট, সাড়ে ৩ লাখ টাকা খোয়ানোর অভিযোগ; প্রশাসনের সহযোগিতা কামনা

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:১৪ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
এনসিসি ব্যাংকের ভেতরে ‘প্রতারকের ফাঁদে’ বিকাশ এজেন্ট, সাড়ে ৩ লাখ টাকা খোয়ানোর অভিযোগ; প্রশাসনের সহযোগিতা কামনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের ভেতরে ডেকে নিয়ে এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং খোয়া যাওয়া অর্থ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিকাশ এজেন্ট মো. রায়হান মিয়া।


মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশিদ্রোণ ইউনিয়নের বাসিন্দা ও ‘ইকো শপ’ নামে বিকাশ এজেন্ট মো. রায়হান মিয়া।


লিখিত বক্তব্যে তিনি জানান, গত জুন মাসে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কর্মচারী পরিচয়ে এক ব্যক্তি তার সঙ্গে পরিচিত হন এবং বিকাশের মাধ্যমে বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের প্রস্তাব দেন। পরে গত ২৮ জুন ওই ব্যক্তির ডাকে তিনি এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় যান। সেখানে তাকে স্টাফ কক্ষে বসানো হয় এবং ব্যাংকের এক কর্মচারীর মাধ্যমে কফি ও পরে বিরিয়ানি পরিবেশন করা হয়। খাবার গ্রহণের পর তিনি অস্বাভাবিকভাবে অসুস্থ ও ঝিমুনিভাব অনুভব করেন বলে দাবি করেন।


রায়হান মিয়ার অভিযোগ, ওই অবস্থায় প্রতারকের দেওয়া ছয়টি বিকাশ নম্বরে ধাপে ধাপে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা পাঠান তিনি। প্রতারক তাকে আশ্বস্ত করেন, ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে সমপরিমাণ নগদ অর্থ বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা পাঠানোর পর অভিযুক্ত ব্যক্তি কৌশলে ব্যাংক থেকে বেরিয়ে যান। পরে তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।


সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা ব্যাংকের সুনামের কথা বিবেচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে, অভিযুক্ত ব্যক্তিকে তারা চেনেন না। এ নিয়ে প্রশ্ন তুলে রায়হান মিয়া বলেন, একজন অপরিচিত ব্যক্তি কীভাবে দীর্ঘ সময় ব্যাংকের ভেতরে অবস্থান করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা এবং স্টাফ কক্ষে প্রবেশের সুযোগ পেলেন, তা তদন্তের মাধ্যমে উদঘাটন হওয়া প্রয়োজন।


তিনি জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। তার দাবি, ফুটেজে অভিযুক্ত ব্যক্তিকে ব্যাংকের সামনে তাকে রিসিভ করা এবং ভেতরে বিভিন্ন স্থানে চলাফেরা করতে দেখা গেছে। তবে ঘটনার ১৫ দিন পার হলেও অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী প্রতারণার ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তার খোয়া যাওয়া অর্থ উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


এ বিষয়ে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জয় দীপ বিশ্বাস বলেন, ঘটনার দিন অজ্ঞাত এক ব্যক্তি দুই নারী-পুরুষের নামে দেড় কোটি টাকার এফডিআর করার প্রস্তাব নিয়ে ব্যাংকে আসেন। এ সময় তিনি কৌশলে ব্যাংকের কর্মীদের সঙ্গে সখ্য গড়ে তুলে নিজেকে ব্যাংকের স্টাফ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। একজন গ্রাহক হিসেবে তার অনুরোধে সৌজন্যবশত কফি ও বিরিয়ানি পরিবেশন করা হয়েছিল।


তিনি আরও বলেন, বিকাশ এজেন্ট প্রতারকের দেওয়া নম্বরে দফায় দফায় সাড়ে ৩ লাখ টাকা পাঠানোর বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে অবহিত করেননি। প্রতারক ব্যাংক ত্যাগ করার পর বিষয়টি জানানো হলে প্রতারণার ঘটনা সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষ অবগত হয়।


এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16448
Page of