সিলেট সীমান্তে মদ-বিয়ার, গরু ও কসমেটিকসসহ ২২ লাখ হাজার টাকার পণ্য জব্দ
সিলেট :
সিলেটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২১ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিয়ার, গরু, কম্বল, চকলেট, কসমেটিকস, বাসমতি চাল, চিনি, বিস্কুট ও প্যাকেট দুধ।
সোমবার (১৯ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন প্রতাপপুর, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৭৮ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।