বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধ্য কাপনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া-এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মনিরুল হক মুন্সী সঙ্গীয় ফোর্সসহ মধ্য কাপনা গ্রামের মাওলানা মো. রুহুল আমিন-এর বসতবাড়ির রান্নাঘরে অভিযান চালিয়ে ২৪ বোতল অফিসার চয়েজ (Officer's Choice) বিদেশি মদ উদ্ধার করেন। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
এ সময় জাকারিয়া (৩৮), পিতা- কেরামত আলী, গ্রাম- মধ্য কাপনা, থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় মামলা নং-০১, তারিখ ১ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।