logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০২ জুলাই ২০২৬ ০১:০৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দোয়ারাবাজারে রেকর্ডভুক্ত জমিতে ঘর নির্মাণ ঘিরে বিরোধ, আদালতে মামলা; বাধার অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০১:০৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০১:০৯ অপরাহ্ন
দোয়ারাবাজারে রেকর্ডভুক্ত জমিতে ঘর নির্মাণ ঘিরে বিরোধ, আদালতে মামলা; বাধার অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠের পশ্চিম-দক্ষিণ পাশে রেকর্ডভুক্ত ৮ শতক জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। জমির মালিক দাবি করে নির্মাণকাজ শুরু করলে বিদ্যালয় কর্তৃপক্ষ এতে বাধা দেয়। এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে জমির রেকর্ডভুক্ত মালিক সুনামগঞ্জ জেলা জজ আদালতে মামলা করেছেন।


অভিযোগে উল্লেখ করা হয়েছে, শরিয়ত আলী সমাই তালুকদারের নামে ৮ শতক জমি রেকর্ডভুক্ত থাকলেও পর্চার মন্তব্য কলামে ‘অনুমোদন সূত্রে দখল হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠ’ উল্লেখ রয়েছে। এ কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ জমিটিকে বিদ্যালয়ের মাঠের অংশ হিসেবে দাবি করছে।


স্থানীয় সূত্রে জানা যায়, একসময় ওই ৮ শতক জমিতে বাজারের ময়লা-আবর্জনা ফেলা হতো। দীর্ঘদিন রেকর্ডভুক্ত মালিক জমিটি ব্যবহার না করায় এটি পতিত অবস্থায় ছিল। পরে সেটেলমেন্ট জরিপের সময় জমিটি বিদ্যালয়ের মাঠসংলগ্ন হওয়ায় পর্চার মন্তব্য কলামে ‘অনুমোদন সূত্রে বিদ্যালয়ের মাঠ’ হিসেবে উল্লেখ করা হয়। এরপর থেকেই বিদ্যালয় কর্তৃপক্ষ জমিটিকে নিজেদের সম্পদের অংশ হিসেবে দাবি করে আসছে।


এ বিষয়ে জমির রেকর্ডভুক্ত মালিক শরিয়ত আলী সমাই তালুকদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নোটিশ পাওয়ার পর তিনি সুনামগঞ্জ জেলা জজ আদালতে পর্চার মন্তব্য কলামে থাকা ‘অনুমোদন সূত্রে দখল’ সংশোধনের জন্য মামলা করেছেন।


তিনি বলেন, “এই জমি রেকর্ডভুক্ত অন্য মালিকের কাছ থেকে ক্রয়সূত্রে আমি মালিক হয়ে রেকর্ডভুক্ত করেছি। আমার জমিটি বিদ্যালয়ের মাঠের বাইরেই অবস্থিত। শুধু পর্চার মন্তব্য কলামে দখল উল্লেখ থাকলেই আমার রেকর্ডভুক্ত জমির মালিকানা অন্য কারও হয়ে যায় না।”


অন্যদিকে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাফিজ আলী বলেন, বিদ্যালয়ের মাঠের পাশে ঘর নির্মাণ হতে দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর করার জন্য তিনি লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে জমিটির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।


এ বিষয়ে দোয়ারাবাজারের সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম বলেন, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে শরিয়ত আলী সমাই তালুকদারকে নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের খুঁটি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16261
Page of