logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ জুলাই ২০২৬ ০১:০৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন: ৫০০ কৃষক পেলেন বিনামূল্যে উন্নত বীজ ও সার

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০১:০৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০১:০৭ অপরাহ্ন
জকিগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন: ৫০০ কৃষক পেলেন বিনামূল্যে উন্নত বীজ ও সার

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, অফিস সম্পাদক আব্দুস শহীদ শাকির এবং মোহাম্মদ কয়েছ আহমদ। এছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


কৃষি বিভাগ জানায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ সহায়তা দেওয়া হচ্ছে।


প্রতিজন কৃষককে কলমি শাক, হাইব্রিড লাউ, চাল কুমড়া, পুঁইশাক, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার উন্নত জাতের বীজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় মোট ১৫০ কেজি উন্নত জাতের সবজির বীজ, ৭ হাজার ৫০০ কেজি ডিএপি সার এবং ৭ হাজার ৫০০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্র বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।


সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নির্বাচন করে স্বচ্ছতার সঙ্গে প্রণোদনা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16260
Page of