ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা, অগ্রাধিকার বিশুদ্ধ পানি ও ড্রেনেজ উন্নয়নে
ছাতক প্রতিনিধি: ছাতক পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা, মোট ব্যয় ৪৯ কোটি ৮৫ লাখ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা।
এবারের বাজেটে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, ব্যবসায়ীদের সুবিধার্থে চিকেন মার্কেট নির্মাণ এবং পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নতুন ড্রেন নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হোরায়রা ছুরত, পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সাবেক অধ্যাপক হরিদাস রায়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, উপসহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাবরক্ষক কুলসুমা বেগম, কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, স্টোর কিপার অজিত কুমার দাস, সুপারভাইজার বিজয় পাল ও সুব্রত হালদারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর নাগরিক এবং স্থানীয় সাংবাদিকরা।