logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ জুলাই ২০২৬ ০১:০৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: ধ্বংস ১৬ ড্রেজার-নৌকা, জরিমানা ১ লাখ টাকা

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০১:০৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০১:০৬ অপরাহ্ন
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: ধ্বংস ১৬ ড্রেজার-নৌকা, জরিমানা ১ লাখ টাকা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস করা হয়েছে। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ১৫টি পাইপ অপসারণ করা হয় এবং দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর ও লোনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।


অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়।


এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16259
Page of