ধানমন্ডি কাকলি হাই স্কুলের সামনে ডিএসসিসির অভিযান: বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা
ঢাকা, ১ জুলাই:
শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে সড়ক ও ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।
এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং নগরীর ফুটপাত ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের জনস্বার্থমূলক মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।