logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ০২ জুলাই ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ১ কোটি ৪১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ১ কোটি ৪১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঢাকা, ১ জুলাই:

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চণ্ডিদার ও কসবা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।


অভিযানে ভারতীয় বাসমতি চাল, শাড়ি, উন্নতমানের সাবান, গরু, চকলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা।


বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া জব্দ হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য আলামতের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”— বিজিবি মহাপরিচালকের এ নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, পুশ-ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।


তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16255
Page of