logo
চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ২৪ জুন ২০২৬ ০১:৫৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও অপপ্রচার রোধে হাইকোর্টে রিট আবেদন

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০১:৫৬ পূর্বাহ্ন আইন আদালত
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০১:৫৬ পূর্বাহ্ন
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও অপপ্রচার রোধে হাইকোর্টে রিট আবেদন

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে।


সোমবার (২২ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস. এম. জুলফিকার আলী জুনু এ রিট আবেদন করেন।


রিট পিটিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের প্রধান এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের প্রধানকে বিবাদী করা হয়েছে।


আবেদনকারী আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু বলেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলেও মিথ্যা তথ্য, গুজব, সাইবার হয়রানি ও মানহানিকর প্রচারণা কখনোই মতপ্রকাশের স্বাধীনতার আওতাভুক্ত নয়। রাষ্ট্রের ভাবমূর্তি, আইনের শাসন ও জনস্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।


তিনি আরও জানান, রিট আবেদনের সঙ্গে বিভিন্ন অনলাইন কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং পূর্বে দাখিলকৃত প্রতিনিধিত্বপত্র সংযুক্ত করা হয়েছে।


আবেদনে বলা হয়েছে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত অনলাইন পোর্টালে একটি কুচক্রী মহল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে, যা সামাজিক অবক্ষয় সৃষ্টি করছে। এসব অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজ বন্ধের জন্যই রিট আবেদন করা হয়েছে।


এছাড়া আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16143
Page of