logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৪ জুন ২০২৬ ০১:৫৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: গ্রিল কেটে ঢুকে টাকা ও চিকিৎসা সামগ্রী লুট

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০১:৫৩ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ জুন ২০২৬ ০১:৫৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: গ্রিল কেটে ঢুকে টাকা ও চিকিৎসা সামগ্রী লুট

সুনামগঞ্জ প্রতিনিধি। 


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হকনগর কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র ক্লিনিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা এবং বিপুল পরিমাণ চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেল আনুমানিক ৩টায় হকনগর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ কামরুল ইসলাম প্রতিদিনের মতো ডিউটি শেষে ক্লিনিক তালাবদ্ধ করে চলে যান।


পরবর্তীতে মঙ্গলবার (২৩ জুন) সকাল আনুমানিক ৯টায় তিনি ক্লিনিকে এসে দেখতে পান অফিস কক্ষের তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা অবস্থায় রয়েছে।


ক্ষতিগ্রস্ত সিএইচসিপি কামরুল ইসলাম জানান, চোরচক্র ভেতরে প্রবেশ করে তার অফিস কক্ষের ড্রয়ারে রাখা নগদ ১৫,০০০ টাকা লুট করে নেয়। পাশাপাশি ক্লিনিকে থাকা সরকারি বিভিন্ন মূল্যবান ওষুধ, রক্তচাপ মাপার মেশিন (বিপি মেশিন) এবং ডায়াবেটিস পরীক্ষার মেশিনসহ বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জামও চুরি করে নিয়ে যায়।


তিনি আরও জানান, চুরির ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে চোর শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চলার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।


এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, হকনগর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


তিনি আরও বলেন, সরকারি মালামাল উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16142
Page of