সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬৩ জন গ্রেফতার, ট্রাফিক আইনে ১৫১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২২ জুন ২০২৬ খ্রি. রাত ০০.০০ ঘটিকা থেকে ২৩ জুন . সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত ৩২ ঘণ্টার এই অভিযানে মোট ৬৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালীন সময়ে ২২ জুন ২৪ ঘণ্টায় ৩৬ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ২৭ জনসহ মোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
এ সময় বিপুল পরিমাণ অবৈধ মালামালও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৪০০ পিস কিটকাট চকলেট, ২৪ কেজি ৬ পুরিয়া গাঁজা এবং ১০ বস্তা জিরা।
অন্যদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৭৪টি যানবাহন আটক করা হয়। এতে মোট ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়তে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।