logo
চ্যানেল জৈন্তা নিউজ
খেলাধূলা ২১ জুন ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে জয়রথে ফিরল ব্রাজিল; কুনহার জোড়া ও ভিনিসিয়াসের গোল

চ্যানেল জৈন্তা নিউজ ২১ জুন ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন খেলাধূলা
চ্যানেল জৈন্তা নিউজ ২১ জুন ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন
হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে জয়রথে ফিরল ব্রাজিল; কুনহার জোড়া ও ভিনিসিয়াসের গোল

ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে হাইতির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচে ম্যাথিয়াস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের এক গোলের সুবাদে ৩-০ ব্যবধানে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর সমালোচনার মুখে থাকা সেলেসাওরা এ জয়ে স্বরূপে ফেরার ইঙ্গিত দেয়।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ১২ মিনিটে রাফিনহার এক দুর্দান্ত শট অফসাইডের কারণে বাতিল হয়। ২২ মিনিটে হাইতি গোলরক্ষকের বিপক্ষে ওয়ান-অন-ওয়ান সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন রাফিনহা। তবে পরের মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল।


২৩ মিনিটে ম্যাথিয়াস কুনহা গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন। এরপর ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে ভিনিসিয়াস জুনিয়র তৃতীয় গোলটি করেন, ফলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।


দ্বিতীয়ার্ধে আরও একাধিক আক্রমণ চালালেও গোল পায়নি ব্রাজিল। শুরুতে একটি গোল অফসাইডে বাতিল হয়। ৬৩ মিনিটে হাইতি কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করলেও অ্যালিসন বেকার ও মার্কুইনহোসের দৃঢ় রক্ষণে রক্ষা পায় ব্রাজিল।


৬৯ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট পোস্টে লেগে ফেরে এবং পরে অফসাইড ধরা পড়ে। ৭৮ মিনিটে এন্দ্রিকের গোলও বাতিল হয় অফসাইডের কারণে। ম্যাচের শেষ দিকে সহজ সুযোগ মিস করেন দানিলো সান্তোস।


সি গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড, আর হাইতি রয়েছে পয়েন্টশূন্য অবস্থায়।


গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৫ তারিখ বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। একই সময়ে মুখোমুখি হবে মরক্কো ও হাইতি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16087
Page of