মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: মিজানুর রহমান মিঠু
‘এসো নবীন খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেন, যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের মেধা ও স্বাস্থ্যের সুষম বিকাশ ঘটে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে ৩নং ওয়ার্ডের ক্রীড়াপ্রেমী যুবকদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় তরুণদের খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি এবং উদীয়মান খেলোয়াড়দের উৎসাহিত করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোনিবেশ করতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
মুন্সীপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি ও ফেডারেশনের উপদেষ্টা মো. আমিন আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. হাসিবুর রহমান হাসিব, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সাগরদিঘীপাড়ের বিশিষ্ট মুরব্বি শাহ ফারুক মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী আশু কুমার কর।
মির্জা আরিফুর রহমান আরিফের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মখলিছ মিয়া, কে এ শিমুল, হাবিব মিয়া, সমসু মিয়া, রাজন মিয়া, ফেডারেশনের সদস্য মির্জা ইরফান, আহবাবুজ্জামান আকন্দ, তামজিদ আহমেদ রুহেল, ইব্রাহিম আহমদ সুজাল, মো. আরমান আহমদ, মো. আলী আহমদ, আশরাফ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও ওয়ার্ডের তরুণ সমাজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মারজান খান একাদশকে চ্যাম্পিয়ন এবং অনিক দাস একাদশকে রানার্সআপ ঘোষণা করা হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।