সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ১৬২ জন গ্রেপ্তার, ট্রাফিক আইনে ৬৬ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে . রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ১ জুন. সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে আরও ১২৪ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৬২ জন আসামিকে গ্রেপ্তার করেছে এসএমপি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, মোবাইল চোর এবং সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি। এছাড়া মেট্রো অধ্যাদেশ অনুযায়ীও কয়েকজনকে আটক করা হয়েছে।
অভিযানে ৬৫ পিস ইয়াবা ও ৫ পুরিয়া গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগর এলাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন অমান্যের দায়ে ৬৬টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।