বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্য প্রবাসী প্রতিনিধিদল, সন্তোষ প্রকাশ
বালাগঞ্জ প্রতিনিধি।
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রাম সংলগ্ন বাস্তবায়নাধীন ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য প্রবাসী প্রতিনিধিদল। পরিদর্শনকালে তারা প্রকল্পের চলমান কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (১ জুন) দুপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে পরিচালিত এ প্রকল্প এলাকা পরিদর্শন করেন ফাউন্ডেশনের ফাউন্ডার ও কোষাধ্যক্ষ আব্দুল হক আবু এবং ফাউন্ডারের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মিরাজ নানু মিয়া।
পরিদর্শনকালে তারা আত্ব-তাকওয়া প্রকল্পের আওতায় নির্মাণাধীন মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নূরানিয়া মাদ্রাসা এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভবন নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় তারা প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা, সেবার পরিধি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনূর রহমান চৌধুরী শিফতা, সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইদ্রিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্প সংশ্লিষ্টরা।
পরিদর্শন শেষে প্রবাসী প্রতিনিধিদলের সদস্যরা বলেন, “আত্ব-তাকওয়া প্রকল্প শুধু একটি অবকাঠামো নয়, এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।”
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি প্রশিক্ষণের সমন্বয়ে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।