logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ জুন ২০২৬ ০২:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

প্রশাসনের নাকের ডগায় মাদক বাণিজ্য: উৎমা ছড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:৫০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
প্রশাসনের নাকের ডগায় মাদক বাণিজ্য: উৎমা ছড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি। 


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র উৎমা ছড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পর্যটন স্পটে প্রতিদিন শত শত পর্যটকের ভিড় থাকলেও সেখানে মাদক বাণিজ্যের এমন চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।


ঈদের চতুর্থ দিন রবিবার (৩১ মে) বিকেলে সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, পর্যটন স্পটের আশপাশে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আগত পর্যটকদের কাছে গিয়ে মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের প্রস্তাব দিচ্ছেন। পরে কিছু পর্যটককে তাদের সঙ্গে কথা বলতে এবং স্পট সংলগ্ন এলাকায় মাদক সেবন করতেও দেখা যায় বলে অনুসন্ধানে উঠে এসেছে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র পর্যটকদের টার্গেট করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে। তাদের দাবি, আশপাশের এলাকা থেকে মাদক সংগ্রহ করে পর্যটকদের কাছে সরবরাহ করা হচ্ছে, যার ফলে পর্যটন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং পরিবার নিয়ে আসা দর্শনার্থীরাও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছেন।


অনুসন্ধানে আরও দেখা যায়, উৎমা ছড়ায় পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের উপস্থিতি নেই। দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে জরুরি যোগাযোগেও সমস্যা হয়। এছাড়া পর্যাপ্ত পাবলিক টয়লেট, যাত্রীছাউনি ও বিশ্রামাগারের অভাবে পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা জানান, উৎমা ছড়াকে নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করতে হলে মাদকবিরোধী কঠোর অভিযান, টুরিস্ট পুলিশ মোতায়েন, সিসিটিভি স্থাপন, মোবাইল নেটওয়ার্ক উন্নয়ন এবং পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা জরুরি।


এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার বলেন, ভিডিও প্রকাশের পর বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয় বাসিন্দা, পর্যটক ও সচেতন মহল উৎমা ছড়াকে দ্রুত মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন এলাকায় রূপান্তরের দাবি জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15772
Page of