logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ৩০ মে ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদের ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়াসহ পর্যটন এলাকাগুলোতে পর্যটকের ঢল

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মে ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মে ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন
ঈদের ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়াসহ পর্যটন এলাকাগুলোতে পর্যটকের ঢল

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের তৃতীয় দিনে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে উদ্যানসহ বিভিন্ন পর্যটন এলাকা। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে বনে ভিড় করেন ভ্রমণপিপাসুরা।


শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্যানের প্রধান ফটক ও ভেতরের ট্রেইলগুলোতে ছিল পর্যটকদের দীর্ঘ সারি। বনের উঁচু-নিচু টিলা, সবুজ অরণ্য এবং পাহাড়ি পথ ঘুরে দেখায় ব্যস্ত ছিলেন দর্শনার্থীরা। বিশেষ করে শিশু ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগম জানান, ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। বনের পরিবেশ রক্ষা এবং পর্যটকদের সেবা নিশ্চিত করতে বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।


লাউয়াছড়ার পাশাপাশি উপজেলার মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, মনিপুরীপাড়া, খাসিয়াপুঞ্জি ও বিভিন্ন চা বাগানেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। এতে স্থানীয় পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে চাঙাভাব ফিরে এসেছে।


শ্রীমঙ্গল জোনের ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক আশরাফুল আলম জানান, ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15734
Page of