তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ, ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা
তাহিরপুর প্রতিনিধি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১৫ কেজি করে চাল ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখিত সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করা হয় তারেক রহমান–এর প্রতিশ্রুতি অনুযায়ী বলে জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মেহেদী হাসান মানিক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুক আলম শান্তানু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান এবং তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, সুনামগঞ্জ জেলায় মোট ৬৪ হাজার অতিক্ষতিগ্রস্ত কৃষককে এ সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনের ২৭ হাজার কৃষক এই সহায়তার আওতায় আসবেন।
তিনি আরও জানান, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশার বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের জন্য তিন মাসের সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্ত কৃষক সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী সহায়তা পাবেন। জনগণের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।