সিলেটে ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করেন ঐ মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
ফজরের নামাজের পর থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে শাহী ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই সেখানে মানুষের ঢল নামে।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শাহী ঈদগাহ ছাড়াও সিলেট নগর ও জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়।
দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। সেখানে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী।
ঐতিহ্যবাহী সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। জামাতে ইমামতি করেন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায়, ইমামতি করেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমামতি করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ। তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়, ইমামতি করেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৬টায়। সেখানে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
এছাড়া শাহপরান (র.) মাজার মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
সিলেটের বিভিন্ন ঈদ জামাতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়ে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।