দরগাহ বাজার ব্যবসায়ী সমিতিতে টানা চতুর্থবার নির্বাচিত মাহবুব, দশগ্রামে বর্ণাঢ্য গণসংবর্ধনা
সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীর ঐতিহ্যবাহী ‘দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র ২০২৬ সালের নির্বাচনে টানা চতুর্থবারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বৃহত্তর দশগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী আবুল খায়ের মো. মাহবুবকে বর্ণাঢ্য নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পানসি গ্রুপের পরিচালক শফিকুর রহমান শফিক এবং বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবকে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) বিকেল ৪টায় দশগ্রাম বাজার প্রাঙ্গণে দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, বন্ধু মহল ও বৃহত্তর এলাকাবাসীর যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ গণসংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট মুরব্বি আব্দুল মালিকের সভাপতিত্বে এবং দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, “কাজী আবুল খায়ের মো. মাহবুব তাঁর সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। টানা চতুর্থবার তাঁর এই ঐতিহাসিক বিজয় বৃহত্তর দশগ্রামের জন্য গর্বের।”
বক্তারা আরও বলেন, শফিকুর রহমান শফিক ও হাবিবুর রহমান হাবিব সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সমাজে গুণী ও অবদানশীল ব্যক্তিদের সম্মানিত করলে জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি সমছু মিয়া, রফিক আহমেদ, ছমরু মিয়া, ফকির মিয়া, মুস্তাব আলী, এরশাদ আলী, তেরাব আলী, মাস্টার মিজানুর রহমান ময়না, দশগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাছিত, মাস্টার নিজাম উদ্দীন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, সিরাজুল ইসলাম, পানসী গ্রুপের পরিচালক শফিক আহমেদ, যুবনেতা আংগুর আলম, কামাল আহমেদ, দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, উত্তর সুরমা ইসলামি একাডেমির প্রিন্সিপাল মাওলানা আবুল লেইছ, মাওলানা আব্দুল মুকতি, মাওলানা ছায়াদ আহমেদ, আমিরুল ইসলাম বাবুল, আব্দুর রহমান, জয়নাল হোসেন ও আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের মো. মাহবুব এবং বিশেষ সম্মাননাপ্রাপ্ত গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। পরে বিশেষ মোনাজাত, মিষ্টি বিতরণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।