জবাবদিহিতামূলক আধুনিক এলিট ফোর্স গঠনে নতুন আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক, পেশাদার ও জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। এ উদ্দেশ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর আইনি কাঠামোয় সংস্কার এনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৮ মে) রাজধানীর র্যাব ফোর্সেস সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে র্যাব বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি ও সিভিল স্টাফদের সমন্বয়ে গঠিত একটি এলিট ফোর্স। তবে বিগত সরকারের সময়ে বাহিনীটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কিছু কর্মকর্তার আইনবহির্ভূত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর ওপর বর্তায় না।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনের আওতায় বাহিনীকে সংস্কার, পুনর্গঠন বা নতুনভাবে নামকরণ করা হলে যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে র্যাব স্বাধীন কোনো আইনের অধীনে পরিচালিত হয়নি। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আইনের বিশেষ ধারার ভিত্তিতে ‘অ্যাডহক’ কাঠামোয় পরিচালিত হওয়ায় আইনি দুর্বলতা তৈরি হয়েছে। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চপর্যায়ের আইন প্রণয়ন কমিটি গঠন করেছে।
প্রস্তাবিত আইনে বাহিনীর কর্তৃত্ব, দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিধান যুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি বর্তমান সম্পদ ও সক্ষমতাও নতুন আইনের অধীনে পুনর্গঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে পুলিশ, র্যাব বা অন্য কোনো বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। জনগণের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।
গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধনের কাজ চলছে। আইন সংশোধন সম্পন্ন হলে গুম ও নিখোঁজের ঘটনাগুলোর বিচার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় করা সম্ভব হবে।
প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, আইজিপি মোঃ আলী হোসেন ফকির এবং র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ-সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।