মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ‘সুমা ফুড’কে ১ লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক।
মৌলভীবাজার শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠান ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মোট ৪টি মামলায় ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত সুমা ফুড-এ অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহরের শাহ মোস্তফা রোড এলাকায় পৃথক অভিযানে লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালনা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং সড়ক পরিবহন বিধিমালা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়।