logo
চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষা ১৯ মে ২০২৬ ১১:১০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জকিগঞ্জে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়নে কঠোর অবস্থানে ইউএনও মাসুদুর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:১০ অপরাহ্ন শিক্ষা
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:১০ অপরাহ্ন
শিক্ষার মানোন্নয়নে কঠোর অবস্থানে ইউএনও মাসুদুর রহমান

জকিগঞ্জ প্রতিনিধি। 

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা-এর শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে এগোতে হবে, ভালো মানুষ হতে হবে এবং বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। শিক্ষার মাধ্যমেই ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি।


সোমবার (১৮ মে) দুপুরে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “শিক্ষা বিনির্মাণে তারুণ্যের শক্তি” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ছিল।


ইউএনও মাসুদুর রহমান বলেন, জকিগঞ্জে যোগদানের আগে তিনি সিলেটে আসেননি। পরে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানতে পারেন, উপজেলার শিক্ষার মান প্রত্যাশিত নয়। এরপর থেকেই শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেন তিনি।


তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের কারণে শুরুতে শিক্ষা খাতে পুরোপুরি মনোযোগ দিতে পারেননি। তবে এখন থেকে এ খাতে আরও জোরালোভাবে কাজ করা হবে। একইসঙ্গে তিনি শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদানের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের ওপর গুরুত্ব দেন।


নিজের পারিবারিক পটভূমির কথা উল্লেখ করে ইউএনও বলেন, তিনি শিক্ষক পরিবারের সন্তান। তাঁর বাবা ছিলেন শিক্ষক। মায়ের দোয়া ও শিক্ষার মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছেন বলে জানান তিনি।


শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সফল হতে হলে লক্ষ্য নির্ধারণ জরুরি। পাশাপাশি নৈতিক শিক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাবা-মায়ের সঙ্গে ভালো আচরণের পরামর্শ দেন।


অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং সঠিক উত্তরদাতাদের হাতে পুরস্কার তুলে দেন, যা পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। চারজন শিক্ষার্থী বিশেষ পুরস্কার লাভ করে।


শিক্ষকদের উদ্দেশে ইউএনও সতর্ক করে বলেন, তিনি যেকোনো সময় বিদ্যালয়ে গিয়ে পাঠদান পর্যবেক্ষণ করবেন, তাই সবসময় প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সামাজিক ও সংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করার পরামর্শ দেন।


মোঃ আব্দুর রাজ্জাক বলেন, মাদক, অনলাইন গেমস, ইভটিজিং ও বাল্যবিবাহ এখন বড় সামাজিক সমস্যা। এসব বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা রাখতে হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ফখর উদ্দিনসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়েদ আহমদ। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মানিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবুল লেইছ।


অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও গীতা পাঠ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15514
Page of