logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ১৮ অক্টোবর ২০২৬ ০২:১৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
স্টার্টআপ তহবিলে ৫০০ কোটি টাকা, প্রয়োজনে বাড়ানোর পরিকল্পনা

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ অক্টোবর ২০২৬ ০২:১৫ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ অক্টোবর ২০২৬ ০২:১৫ পূর্বাহ্ন
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা:

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে পারলে প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। তরুণদের শক্তি, মেধা, সাহস ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়েই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ।


শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের অগ্রগতি নিশ্চিত করতে যুবসমাজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মধ্য দিয়েই প্রতিটি মানুষের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করা সম্ভব।


যুবসমাজের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁরা বিপদে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং স্বেচ্ছায় বিভিন্ন মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। তাঁদের এই অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্দেশে তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অপরিসীম। অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল ক্রীড়াবিদদের বড় একটি অংশ তরুণ। একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনেও তরুণেরা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রবীণেরা তাঁদের অভিজ্ঞতা, মেধা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করলেও তরুণদের অংশগ্রহণ ছিল তাৎপর্যপূর্ণ।


প্রধানমন্ত্রী বলেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির জন্য তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। এই শক্তিকে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু ব্যক্তিগত উন্নতির কথা ভাবলেই চলবে না, দেশের প্রতিটি মানুষের কল্যাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।


স্টার্টআপ তহবিল ৫০০ কোটি টাকা


তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ চলছে। দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে; প্রয়োজনে তহবিলের পরিমাণ আরও বাড়ানো হবে।


নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।


১৫ জন পেলেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড


অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ পান।


এ ছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।


অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন তাঁদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তরুণ ও যুবকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে সবাইকে এগিয়ে যাওয়ার কথা বলেন।


সূত্র: বাংলা ট্রিবিউন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18224
Page of